নিরাপত্তাহীনতা, বাস ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ তুলে ধর্মঘটের ডাক দেওয়ার প্রায় ১১ ঘণ্টা পর জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে জামালপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত শুভ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলে ঢাকাসহ সারা দেশের সঙ্গে এই রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার ভোর থেকেই জামালপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেয়। মূলত চালকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মবিরতি ডাকা হয়। একই সময়ে রাজীব বাসের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, সার্ভিসের মানোন্নয়ন এবং দুর্ঘটনাপ্রবণ রুটে কঠোর তদারকির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন এনসিপির নেতারা।
বাস মালিক সমিতির সদস্যরা ডিসি কার্যালয়ে প্রবেশের সময় মূল ফটকে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে বাস মালিক সমিতির প্রতিনিধিরা ডিসি অফিসের সভাকক্ষে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে অংশ নেন এবং এনসিপির নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। প্রশাসনের পক্ষ থেকে দাবি পূরণের সুনির্দিষ্ট আশ্বাসের পর বাস মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহার করে নেয় এবং এনসিপি নেতাকর্মীরাও কর্মসূচি তুলে নেন।
জামালপুর জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত শুভ জানান, জেলা প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর এবং প্রশাসনের আশ্বাসে তারা বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন। এছাড়া ডিসি অফিসের সামনের অনভিপ্রেত ঘটনার বিষয়ে তিনি দাবি করেন, তাদের কোনো দোষ ছিল না; বরং প্রতিপক্ষ উসকানিমূলক স্লোগান দেওয়ায় সাধারণ শ্রমিকরা তাদের প্রতিহত করেছে।
ঘটনার বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহিল রশিদ বলেন, বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছে।