ঢাকার সচিবালয় মেট্রোরেল স্টেশনে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমের (ওসিএস) ক্যাবলের ওপর একটি অচেনা তার ঝুলে থাকার কারণে প্রায় ২০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এমআরটি পুলিশের পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৭টা ১০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় বিদ্যুতায়িত ওসিএস ক্যাবলের ওপর একটি তার ঝুলে থাকতে দেখা যায়। ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে ওই রুটে মেট্রোরেল চলাচল স্থগিত করা হয়। এরপর দ্রুত লাইনটি পরিষ্কার ও তারটি সরিয়ে ফেলার কাজে নামেন সংশ্লিষ্ট কর্মীরা। প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় সকাল ৭টা ৩০ মিনিটের দিকে তারটি সফলভাবে অপসারণ করা হয়।

তার অপসারণের পর থেকেই সচিবালয় স্টেশন হয়ে মেট্রোরেল চলাচল পুনরায় স্বাভাবিক হয় এবং বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ী নিয়মিত ট্রেন চলাচল করছে।