নাটোরের গুরুদাসপুরে পাকা গোয়ালঘরের তালা ভেঙে ১২ লাখ টাকা মূল্যের চারটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামে ইউসুফ হাজির বাড়িতে এই দুঃসাহসিক চুরি হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাত ১১টার দিকে মহিষগুলোকে খাবার দিয়ে গোয়ালঘরে তালা দেন গৃহকর্তা ইউসুফ হাজি। সকালে ঘুম থেকে উঠে তালা ভাঙা ও গোয়ালঘর শূন্য দেখতে পান তাঁরা। চুরি হওয়া মহিষের মধ্যে দুটি বকন ও দুটি ষাড় রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। স্থানীয়দের মতে, রাত ১০টার দিকে এলাকায় একটি পিকআপ ভ্যান ঘোরাঘুরি করতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই পিকআপেই মহিষগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গৃহকর্তা ইউসুফ হাজি জানান, সম্প্রতি মহিষ বিক্রির বিষয়ে অপরিচিত কয়েকজন দালালের সঙ্গে তাঁর কথা হয়েছিল এবং তাঁরা বাড়ি এসে মহিষগুলো দেখেও গিয়েছিলেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দিয়েছেন এবং দ্রুত মহিষগুলো উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নাজিরপুর ইউপি চেয়ারম্যান আয়ুব আলী বলেন, এলাকায় চুরি বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। পুলিশ প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।