নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে মুখোমুখি বৈঠকে মিলিত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান। দীর্ঘদিন সামরিক ও কূটনৈতিক দ্বন্দ্ব চলার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন অধ্যায় শুরু করতে উভয়পক্ষ একমত হয়েছে বলে রবিবার জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের পাল্টা জবাবে আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর তেহরান ও আবুধাবির শীর্ষ পর্যায়ে এটিই প্রথম সরাসরি বৈঠক। পেজেশকিয়ান জানান, আমিরাতের সঙ্গে ইরানের কোনো ক্ষোভ নেই; মূল বিরোধটি আঞ্চলিক ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের ওপর হামলা পরিচালনা কেন্দ্র করে।
এদিকে, হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা কমাতে সোমবার ওমানে জিসিসিভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে আয়ারল্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের এই বৈঠকে তার কিছু যায় আসে না, এটি সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়।
উল্লেখ্য, বৈশ্বিক তেলের এক-পঞ্চমাংশ পরিবাহিত হওয়া হরমুজ প্রণালি অবরুদ্ধকরণ কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত চলছে এবং এর জেরে গত মাসে ইরানের সঙ্গে অর্থ ও বাণিজ্য লেনদেন স্থগিত করেছিল সংযুক্ত আরব আমিরাত।