মানিকগঞ্জ সদর উপজেলায় নিজ ঘর থেকে সৌদি প্রবাসী ইকরাম হোসেন, তার স্ত্রী সানজিদা এবং তাদের দেড় বছরের শিশুসন্তান আলেজার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইকরাম হোসেন কিছুদিন আগেই সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। শনিবার দুপুরে ঘরের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ইকরামের ঝুলন্ত লাশ এবং ঘরের মেঝেতে স্ত্রী সানজিদা ও দেড় বছরের শিশুকন্যা আলেজার লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।
ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক কলহ, মানসিকভাবে বিপর্যস্ততা নাকি অন্য কোনো কারণে এমন ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। খবর পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত ও গভীর তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।