জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হওয়া এই অধিবেশনে তিনি অংশ নেন।
এর আগে, নিউইয়র্কের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতা ও তাঁদের সঙ্গীদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক স্বাগত প্রাতরাশের আয়োজন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ওই প্রাতরাশে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন গত ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হলেও সাধারণ বিতর্কের মূল পর্ব আজ ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে।