আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে নির্বাচনী রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী হাফেজ আমিনুল হক জুয়েল।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের সমর্থন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে শুভাঢ্যাকে সম্পূর্ণ সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি অবহেলিত মানুষের পাশে থেকে স্বচ্ছতার সঙ্গে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
এলাকাবাসীর তথ্যমতে, সৎ, বিনয়ী ও জনহিতৈষী ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘদিন ধরে এলাকায় পরিচিত আমিনুল হক জুয়েল। নির্বাচনী ইশতেহার হিসেবে তিনি শুভাঢ্যার বেহাল রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন, যুবসমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলায় উৎসাহিত করা এবং ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত করার অগ্রাধিকারের কথা জানান। সর্বশেষে একটি আধুনিক মডেল ইউনিয়ন গঠনে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেন তিনি।