জেলা প্রতিনিধি (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় শিশুদের শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে খেলাধুলার জেরে দুপক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় মকবুল হোসেন (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর সকালে উপজেলার বালাগ্রাম ইউনিয়নে শিশুদের কথার কাটাকাটিকে কেন্দ্র করে অভিভাবকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মকবুল হোসেনের অবস্থার অবনতি দেখে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান।

মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার পথে জলঢাকা বাজারে গাড়ি আটকে স্বজনেরা বিক্ষোভ করেন। এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুততম সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।