দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার (ইএ-৩) অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাঙামাটি জেলার নানিয়ারচরের নিজ গ্রাম রামহরিপাড়ায় বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে নিয়োজিত 'ব্যানএফএমইউ-১১'-এ কর্তব্যরত অবস্থায় ট্রোম্যান খীসা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে সেখানকার ভারতীয় ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শান্তিরক্ষা মিশনে তার অবদানের জন্য জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি ও মিশন প্রধান শ্রদ্ধা নিবেদন করেন। রবিবার সকালে তার মরদেহ ঢাকায় পৌঁছায় এবং সেখান থেকে রাঙামাটিতে নিয়ে যাওয়া হয়।
শেষকৃত্যের অনুষ্ঠানে নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে এবং মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করে। প্রয়াত এই নৌ সদস্যের মৃত্যুতে নৌবাহিনী প্রধান গভীর শোক প্রকাশ করেছেন। পরে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এসময় নৌবাহিনীর কর্মকর্তা, সহকর্মী, পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৯৮৭ সালের ১৩ জুন জন্মগ্রহণকারী ট্রোম্যান খীসা ২০০৬ সালের ১ জুলাই নাবিক হিসেবে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেছিলেন।