সংস্কৃতি, কৃষ্টি ও সাহিত্য হারিয়ে ফেললে মানুষের নিজস্ব পরিচয়ও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, মানুষের মধ্যে সুস্থ মানসিক বিকাশ, দেশপ্রেম ও মানবিকতা জাগিয়ে তুলতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ডিএসসিসির নগরভবন অডিটরিয়ামে 'ঢাকা নাট্যোৎসব'-এর মতবিনিময় ও স্মারক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, ভালো গান, নাটক ও চলচ্চিত্র মানুষকে অন্যায়-অপরাধ থেকে দূরে রেখে আত্মসমালোচনার শিক্ষা দেয়। সুস্থ মানুষ হিসেবে বেঁচে থাকতে হলে সংস্কৃতি চর্চাকে অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে নিতে হবে।

রাজধানীতে বর্তমানে সাংস্কৃতিক কর্মকাণ্ড কমে যাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আবদুস সালাম বলেন, ঢাকার মানুষের মানসিক বিকাশ ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়াতে হবে। আগামী বছর এই নাট্যোৎসবের পরিসর আরও বড় করার আশ্বাস দিয়ে তিনি জানান, ঢাকার বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে মঞ্চ তৈরি করে মঞ্চনাটক ও পথনাটকের আয়োজন করা হবে।

সংস্কৃতির বিকাশে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিটি কর্পোরেশনের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও জানান, 'জয়রাং মিলনায়তন'টি নতুন করে চালু করা হয়েছে। সাংস্কৃতিক দলগুলো যাতে সহজেই এটি ব্যবহার করতে পারে, সেজন্য মাত্র ৫ হাজার টাকা বিদ্যুৎ খরচ নির্ধারণ করে ব্যবহারের সুযোগ দেওয়া হবে।