জমজমাট লড়াই, দর্শকদের উপচে পড়া ভিড় আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘গাজীপুর সিটি করপোরেশন প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় কোয়ার্টার ফাইনাল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে অঞ্চল-৬ (বাসন) দলকে ১-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে অঞ্চল-১ (টঙ্গী)।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আহসানউল্লাহ মাস্টার (টিআইসি) মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দলের ফুটবলাররা মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেন। আক্রমণ ও পাল্টা আক্রমণে পুরো ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠে। শেষ পর্যন্ত ১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে টঙ্গী অঞ্চল-১।
ম্যাচের শুরু থেকেই গ্যালারিভর্তি দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। দুই দলের খেলোয়াড়েরা গোলের সুযোগ তৈরিতে মরিয়া হয়ে লড়াই চালান।
খেলার উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিলা খানম।
প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, "খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতেও দারুণ ভূমিকা রাখবে।"
উদ্বোধক শওকত হোসেন সরকার বলেন, "গাজীপুর সিটি করপোরেশনের আটটি অঞ্চলের অংশগ্রহণে পর্যায়ক্রমে এই প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মাহবুব আলম শুকুর, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল এবং টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্যসচিব আবুল কালাম।
এ ছাড়াও গাজীপুর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, টঙ্গী অঞ্চল-১-এর প্রধান প্রকৌশলী মাইদুল ইসলামসহ সিটি করপোরেশনের বিভিন্ন অঞ্চলের প্রধান প্রকৌশলী, ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ম্যাচ শেষে অতিথিরা মাঠে গিয়ে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সম্পূর্ণ অনুষ্ঠানটির সার্বিক দিকনির্দেশনা ও প্রাণবন্ত উপস্থাপনা করেন আব্দুর রহিম কালা।