আওয়ামী লীগের বিভিন্ন জ্বালাও-পোড়াও রাজনৈতিক কর্মসূচি ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগর ছাত্রদলের প্রভাবশালী নেতা এবং টঙ্গী থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
গতকাল শুক্রবার টঙ্গীর চেরাগ আলী কাদেরিয়া টেক্সটাইল মিলস এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী সরকারি কলেজে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন। সমাবেশে মোঃ রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী বলেন, "রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের নৈরাজ্য, সহিংসতা বা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।" দেশের গণতান্ত্রিক পরিবেশ, জনগণের অধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও দায়িত্বশীলভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। একই সাথে তিনি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন সহিংস কর্মসূচির তীব্র প্রতিবাদ জানিয়ে নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন।