অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের তহশিলদারসহ সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছেন জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া।

সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুর মহানগরীর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. নুরুল কবির ভূঁইয়া। এ সময় সেখানে উপস্থিত সেবাপ্রত্যাশীরা নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন। সাধারণ মানুষের অভিযোগ শোনা এবং কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে সত্যতা পাওয়ায় কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ওয়াজেদ আলী খানসহ চারজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযান শেষে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনগণের অভিযোগের সত্যতা পাওয়ায় এবং দাপ্তরিক কার্যক্রমে অনিয়ম প্রমাণিত হওয়ায় কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজীপুর জেলার সব ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের একযোগে বরখাস্ত করা হয়েছে বলে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। তবে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুধুমাত্র কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তাদেরই বরখাস্ত করা হয়েছে এবং জেলার অন্যান্য ভূমি অফিসগুলোর কার্যক্রম স্বাভাবিক রয়েছে।