মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা এবং জুলাই অভ্যুত্থানের প্রেরণা ধারণ করে ‘বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন’ নামের একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনের উদ্যোক্তা আমিনুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাষানী জনশক্তি পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী এবং জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

অনুষ্ঠানে নবগঠিত এই সংগঠনের ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ উল্লাহ মধু এবং মুখোপাধ্যায় নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন (সাম্য শাহ)।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর তাঁর বক্তব্যে বলেন, এনসিপি দেশের রাজনীতিতে এখন বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে। ড. ইউনূস যাদের হাইলাইট করেছিলেন, সেই ছাত্রনেতারা বিদেশি শক্তির গুটি হিসেবে কাজ করছেন। এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ছাত্রদের রাজপথে নামার পেছনেও ষড়যন্ত্র কাজ করেছে উল্লেখ করে তিনি এই সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে চার কোটির ওপর শিক্ষিত বেকার রয়েছে, অথচ এই সংকট উত্তরণে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও শহীদের রক্তের প্রতি অবমূল্যায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ড. ইউনূস সরকার গুটিকয়েক ছাত্রকে প্রাধান্য দিয়ে জনগণের প্রত্যাশাকে বেহাত করেছে। তিনি বর্তমান রাজনীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও নানা প্রশ্ন তোলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, যারা এনসিপি গঠন করেছে, তারা রাজনীতিকে টি-টোয়েন্টি খেলা মনে করছে। রাজনীতি একটি দীর্ঘ পথ এবং এর জন্য ধৈর্যের প্রয়োজন। এনসিপি গোটা একটা প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকেও জামায়াত ও এনসিপির বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ মাঠ খালি করে দিয়ে টেকসই রাজনীতি করা সম্ভব নয়।

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বেকারত্ব সমস্যা, বৈদেশিক বিনিয়োগের ঘাটতি এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।