রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে একটি হাইয়েজ গাড়ি ও সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— ১. মো. শুক্কুর আলী (৫০) ও ২. মো. আহাদ (২৪)।
খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পূর্বাচল ২ নম্বর সেক্টরের একটি রিসোর্টে দুটি হাইয়েজ গাড়িতে করে এসে ১৮-২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল ডাকাতি করে পালিয়ে যায়। এই ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে খিলক্ষেত থানার একটি বিশেষ টিম ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্টে অবস্থান নিয়ে তল্লাশি শুরু করে।
অভিযান চলাকালে রাত ৩:১০ মিনিটের দিকে ঢাকা অভিমুখী ৩০০ ফিট সড়কের মস্তুল চেকপোস্ট অতিক্রম করার সময় একটি সন্দেহজনক হাইয়েজ গাড়ি থামানো হয় এবং ডাকাত দলের দুই সদস্য শুক্কুর আলী ও আহাদকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশ খিলক্ষেত থানায় এসে গ্রেফতারকৃত দুই ব্যক্তি এবং উদ্ধারকৃত হাইয়েজ গাড়িটি রূপগঞ্জের ওই রিসোর্টের ডাকাতির ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত বলে নিশ্চিত ও শনাক্ত করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেফতারকৃত দুই আসামি ও উদ্ধারকৃত হাইয়েজ গাড়িটি রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!