প্রতিদিনের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। এর মধ্যে সবচেয়ে বেশি চাপ তৈরি করেছে আমিষের অন্যতম সহজ উৎস ডিমের দাম। যে ডিম মাত্র কিছুদিন আগেও প্রতি পিস ৭ টাকা ৫০ পয়সায় পাওয়া যেত, সিন্ডিকেটের কারসাজিতে তা বেড়ে এখন ১১ টাকা ২০ পয়সায় বিক্রি হচ্ছে। প্রতিদিন, এমনকি প্রতি নিয়তই নাগালের বাইরে চলে যাচ্ছে ডিমের দাম।

অথচ এই লাগামহীন দাম বৃদ্ধির পেছনে কার হাত রয়েছে বা কেন এই সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না—তা নিয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যকারী কোনো নজরদারি দেখা যাচ্ছে না। সাধারণ ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে দায়িত্বশীল সংস্থাগুলোর দীর্ঘসূত্রিতা ও উদাসীনতার সুযোগেই অসাধু ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটছেন।

বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বিক্রেতাদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা উল্টো সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হচ্ছেন এবং সদুত্তর না দিয়ে এড়িয়ে যাচ্ছেন। ব্যবসায়ীদের এই ধরনের আচরণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ বলছেন, কতিপয় অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেট চক্রের কাছে আজ পুরো বাজার ব্যবস্থা জিম্মি হয়ে পড়েছে।

নিত্যপ্রয়োজনীয় এই আমিষের দাম এভাবে প্রতিদিন বাড়তে থাকায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর আমিষের চাহিদা মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত বাজার মনিটরিং এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।