ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার (৯ আগস্ট) রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহরে পুলিশ হেফাজতে নিহত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের হামলার মুখে পড়েন তিনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হালিশহরে বিক্ষোভের মুখে মমতার গাড়ি ঘিরে ফেলে ইট-পাটকেল, জুতো ও পানির বোতল নিক্ষেপ করা হয়। এ সময় গাড়ির গ্লাসে কাদা ছিটানোর পাশাপাশি ইটপাটকেল ছোড়া হয়।

ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে বলেন, গাড়ির কাচ বন্ধ না থাকলে তার মাথা ফেটে যেত এবং তিনি মারাও যেতে পারতেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের সামনেই বাইরের লোকজন তার গাড়িতে পাথর ছুড়েছে এবং পুলিশ তাদের সুরক্ষায় কোনো ব্যবস্থা নেয়নি। তার সঙ্গে থাকা সাংসদ কল্যাণ ব্যানার্জিও প্রশাসনের তীব্র সমালোচনা করে পুলিশকে ব্যবহার করে চক্রান্তের অভিযোগ তোলেন।

এদিকে রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এই ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয় এবং পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়ে পুলিশ হেফাজতে মারা গেছেন বলে অভিযোগ ওঠা সাবেক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতেই উত্তর চব্বিশ পরগনায় গিয়েছিলেন মমতা।