মেহেরপুর পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ভোরে প্রথমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় ভবনের সামনে বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।
এরপর শহরের কোর্ট মোড় এলাকা থেকে একই ধরনের আরেকটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই শহরের সোনালী ব্যাংকের সামনেও বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় আরও একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরপর শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের বস্তু উদ্ধারের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘উদ্ধার করা বস্তুগুলো পানিভর্তি বালতিতে সংরক্ষণ করে সদর থানায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বস্তুগুলো দেখতে ব্যাটারিচালিত অটোরিকশার সাউন্ড বক্সের মতো মনে হচ্ছে। তবে এগুলো আসলে কী ধরনের বস্তু এবং এর সঙ্গে কোনো বিস্ফোরক উপাদান রয়েছে কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে।’
এদিকে এই ঘটনার পর শহরের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে। একই সকালে পরপর তিনটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধারের এই ঘটনাটি নিয়ে শহরজুড়ে নানা আলোচনা চলছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!