গাজীপুরের কালীগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের হামলায় গৃহকর্ত্রী নিহত হয়েছেন। এ সময় ডাকাত দল গৃহকর্তা ও তার মেয়েকে গুরুতর জখম করে। নিহত নারীর নাম মোসা. কামরুন নাহার আক্তার (৩৫)। আহতরা হলেন তার স্বামী মঞ্জুরুল হক (৪০) এবং তাদের মেয়ে সানজিদা আক্তার (১৬)।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের নগরভেলা তেঁতুইবাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে নগরভেলা গায়েনবাড়ি এলাকার বাসিন্দা রড-সিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের টিনশেড বাড়ির গ্রিলের গেটের তালা ভেঙে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। এ সময় তারা আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদেরও অবরুদ্ধ করে রাখে। বাড়িতে ঢুকেই তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে অতর্কিত হামলা চালায়।
পরে আশপাশের লোকজনের চিৎকার ও এগিয়ে আসার প্রস্তুতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। ততক্ষণে অতিরিক্ত রক্তক্ষরণে মঞ্জুরুল ইসলামের স্ত্রী মোসা. কামরুন নাহার আক্তার মারা যান। স্থানীয়দের সহায়তায় আহত মঞ্জুরুল ইসলাম ও তার মেয়ে সানজিদা আক্তারকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) ফাইজুর রহমান জানান, ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্ত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। গত বৃহস্পতিবার এই পরিবার একটি এনজিও থেকে ২০ লাখ টাকা উত্তোলন করেছিল বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ওই টাকার জন্যই এই হামলা চালানো হতে পারে।
তবে বাড়ির সদস্যরা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবং ভেতরের আসবাবপত্র গোছানো অবস্থায় থাকায় নির্দিষ্ট করে এখনো কোনো মালামাল বা টাকা লুটের বিষয়টি নিশ্চিত করা যায়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, হামলার ধরন দেখে মনে হচ্ছে দুর্বৃত্তরা বিশেষ কোনো উদ্দেশ্যে ডাকাত বেশে এই হামলা চালিয়েছিল। ঘটনাস্থলে ক্রাইমসিন ইউনিট এসে আলামত সংগ্রহ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশি কার্যক্রম শুরু হয়েছে। আলামত সংগ্রহ ও তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!