ইরানের ওপর নতুন করে আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যায়িত করে তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও এর বহরের অন্যান্য জাহাজ। মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম এক বিবৃতিতে রণতরীটি এই অঞ্চলে পৌঁছানোর এবং পূর্বনির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে কার্যক্রম শুরু করার তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বিবৃতিতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব নিষেধাজ্ঞার মূল লক্ষ্য সাধারণ ইরানি নাগরিকরা। তবে দেশের স্বাধীনতা, জাতীয় অখণ্ডতা এবং স্বার্থ রক্ষায় তেহরান সম্পূর্ণ বদ্ধপরিকর এবং এসব নিষেধাজ্ঞা তাদের দুর্বল করতে পারবে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি অন্য কোনো দেশ ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করে, তবে তাদের বিরুদ্ধেও নজিরবিহীন ও বিস্তৃত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে দীর্ঘদিন সমুদ্রে অবস্থান করার কারণে আরেকটি রণতরী আব্রাহাম লিঙ্কন-এর নাবিক ও ক্রুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আব্রাহাম লিঙ্কনের স্থলে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েন করা হলো।
সূত্র: রয়টার্স

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!