রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে এই অভিযানে ৮৬৫টি গাড়ি ডাম্পিং এবং ৪৯৮টি গাড়ি রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের বরাতে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী জানান, গত বৃহস্পতি ও শুক্রবার (২০ ও ২১ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এসব মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৬১৯টি মামলা হয়েছে মিরপুর ট্রাফিক বিভাগে, যার মধ্যে রয়েছে ৩৮টি বাস, ৩৯টি ট্রাক, ৫০টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ২৮৭টি মোটরসাইকেল। এছাড়া মতিঝিল বিভাগে ৪৬২টি, উত্তরা বিভাগে ৪৬০টি, লালবাগ বিভাগে ২২২টি, তেজগাঁও বিভাগে ২২০টি, গুলশান বিভাগে ১৯৭টি, রমনা বিভাগে ১৬৪টি এবং ওয়ারী বিভাগে ১৫৫টি মামলা করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা ফেরাতে এবং সড়কে অনিয়ম রোধে পুলিশের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!