মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নামজারির জন্য ঘুষ গ্রহণের সুনির্দিষ্ট অভিযোগে জয়মন্টপ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নায়েব) কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া তাকে সাময়িক বরখাস্ত করেন।
গত সোমবার (২৪ আগস্ট) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন। এর আগে ওই দিন দুপুর ২টার দিকে জয়মন্টপ ভূমি অফিস পরিদর্শনে গিয়ে এক ভুক্তভোগীর অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক এই ব্যবস্থা নেন বিভাগীয় কমিশনার।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব ভাকুম এলাকার বাসিন্দা মোছা. ফজিলাতুন্নেছা তার জমির নামজারি করার জন্য জয়মন্টপ ইউনিয়ন ভূমি অফিসে যান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামরুজ্জামানের কাছে আবেদন করেন। অভিযোগ ওঠে, নামজারি সম্পন্ন করে দেওয়ার কথা বলে ওই কর্মকর্তা ফজিলাতুন্নেছার কাছ থেকে জোরপূর্বক ৩১ হাজার টাকা ঘুষ নেন।
পরবর্তীতে গত সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া জয়মন্টপ ভূমি অফিস পরিদর্শনে গেলে ভুক্তভোগী ফজিলাতুন্নেছা সরাসরি তার কাছে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার মৌখিক ও লিখিত অভিযোগ জানান। কমিশনার তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করেন এবং অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত কর্মকর্তা কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেন।
এ বিষয়ে অভিযুক্ত কর্মকর্তা কামরুজ্জামানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন জানান, “একজন অভিযোগকারীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কমিশনার মহোদয় তাৎক্ষণিক আদেশে অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছেন। পরবর্তীতে অভিযোগের বিস্তারিত তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!