পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগের ক্ষেত্রে কোনো আইনের ব্যত্যয় ঘটেনি বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
সম্প্রতি সদ্য নিয়োগ পাওয়া প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী দ্বৈত নাগরিকত্ব প্রত্যাহার করেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের বিধান মেনেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে আইনগত কোনো ব্যত্যয় ঘটেনি।
এর আগে গত সোমবার (২৪ আগস্ট) প্রতিমন্ত্রী হিসেবে নিজের প্রথম কর্মদিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই বিষয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন হুমায়ুন কবির, তবে সেদিন তিনি বিষয়টি পরিষ্কার করেননি।
উল্লেখ্য, গত শুক্রবার (২১ আগস্ট) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শপথ গ্রহণের পরপরই তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!