“মানবতার সেবায় আমরা সবাই একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার উত্তরার সিমেক কমিউনিটি প্লাজায় অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট মানব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ’-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা–২০২৬। দেশের বিভিন্ন প্রান্তের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের একত্রিত করা এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোমোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস এম জাহাঙ্গীর হোসেন (এমপি)। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মোঃ মেহেদী হাসান রুবেল এবং উদ্বোধক ছিলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ বেলায়েত হোসেন মিলন। মানবিক রাকিব হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক অঞ্চল রয়্যাল ইব্রাহিম প্যালেটের ডেপুটি কো-অর্ডিনেটর প্রকৌশলী হাসান মাহমুদ, ঢাকা মেট্রোর ম্যানেজিং ডিরেক্টর ও নোয়াখালী টিভির প্রতিষ্ঠাতা মো. আব্দুল হামিদ (রনি), এম.আর.আর. কর্পোরেশনের সিইও মো. মিজানুর রহমান (মিজান) এবং ওয়েবকোডার-আইটির সিইও ও ফাউন্ডার মো. সাগর শেখ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন, মানবতার পথে চলো ফাউন্ডেশন, কলমাকান্দা যুব রক্তদান ফাউন্ডেশন, পাবনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সেবার আলো ফাউন্ডেশন, হিলফুল ফুজুল ব্লাড ডোনার এ্যাসোসিয়েশন পাবনা, লিও ক্লাব অব ঢাকা পল্টন হেরিটেজ, ঈশাআতুদ্দীন ব্লাড ডোনার সোসাইটি, নতুন প্রজন্ম মানবিক সংগঠন, বিপদে পাশে আমরা, বন্ধন ব্লাড ডোনেশন বাংলাদেশ এবং ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার্স ক্লাবসহ বিভিন্ন আমন্ত্রিত সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া উত্তরা ব্লাড ব্যাংক ও ট্রান্সফিউশন সেন্টারের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই মিলনমেলায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!