গাজীপুরের কোনাবাড়ীর দেওলিয়া বাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকার ওই ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে শুরু করে। গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা দ্রুত ভয়াবহ রূপ নেয়।
খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটিসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় সকাল ৯টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গুদামে থাকা প্রচুর মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!