গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোঃ মিজানুর ওরফে ‘কুত্তা মিজান’ নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে টঙ্গী পশ্চিম থানার শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কেনাবেচার সময় মিজানুরকে হাতেনাতে ধরা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১ কেজি হেরোইন ও ২,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ২৫০ সিসির দামি মোটরসাইকেল, ১টি আইফোন ১৭ প্রোম্যাক্স এবং আরেকটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মিজানুর দীর্ঘ দিন ধরে টঙ্গীসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!