আগামী প্রজন্মকে রক্ষা করতে চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার প্রতিটি গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড ও অলিগলিতে সন্ত্রাস ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
সরোয়ার আলমগীর বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগের মাধ্যমে মাদক ও সন্ত্রাস মোকাবিলা সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে কাজ করে এই কর্মসূচিকে ধারাবাহিক আন্দোলনে রূপ দিতে হবে।
এর আগে বিকেলে নাজিরহাট ঝংকার মোড় থেকে শুরু হওয়া মাদক ও সন্ত্রাসবিরোধী পদযাত্রাটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে বিবিরহাট বাজারের মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!