উন্নয়ন ও অগ্রযাত্রার ২০ বছর পূর্ণ করল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা। দুই দশকের এই সুবর্ণ পথচলাকে স্মরণীয় করে রাখতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এক আলোচনা সভা ও আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

​ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নুরজাহান আক্তার সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এস এম সোবহানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা ধনবাড়ী উপজেলার গত ২০ বছরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, স্থানীয় সম্ভাবনা এবং ভবিষ্যৎ সমৃদ্ধির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ধনবাড়ীকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সর্বস্তরের সাধারণ মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।

​আলোচনা সভা শেষে উপজেলা চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে ধনবাড়ী পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো উপজেলা চত্বরজুড়ে ছিল উৎসবমুখর আমেজ। রঙিন বেলুন, ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে তোলা হয় পুরো অনুষ্ঠান।