রাজধানীর কাঁচাবাজারগুলোতে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বাড্ডা, রামপুরা ও গুলশান কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, সবজি, মাছ, মুরগি ও ডিম—সবকিছুরই দাম চড়া। বাজারে শিম বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে এবং ডিমের ডজন পৌঁছেছে ১৫০ টাকায়।
সবজি বাজারে দেখা যায়, প্রতি কেজি গোল বেগুন ১০০ টাকা, লম্বা বেগুন ১৪০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১৪০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা এবং ফুলকপি ও ধুন্দল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া করলা, কাঁকরোল, কচুর মুখি ও শসা ৮০ টাকা এবং পটল, ঢ্যাঁড়স ও চিচিঙ্গা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তুলনামূলক কম দামে কেবল পেঁপে পাওয়া যাচ্ছে ৩০ টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, উৎপাদন ও সরবরাহ সংকট এবং পাইকারিতে দাম বেশি থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে।
মাছ ও মাংসের বাজারেও ক্রেতাদের স্বস্তি নেই। প্রতি কেজি তেলাপিয়া ২৫০-২৬০ টাকা, পাঙাশ ২০০ টাকা, রুই ৩৬০-৪২০ টাকা এবং কাতল ৪৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮৫-১৯০ টাকা, সোনালি মুরগি ৩১০-৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৮০-৩৯০ টাকায় বিক্রি হচ্ছে।
দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতিতে সীমিত আয়ের সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। আকাশছোঁয়া দামের কারণে অনেক ক্রেতাকে মাছ বা মাংসের বদলে কেবল শাকসবজি কিনে বাজার ছাড়তে দেখা গেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!