চলতি বছর দেশজুড়ে মাদকবিরোধী অভিযানে প্রায় ৬০ হাজার মামলায় ৪৪ হাজার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি দেশে ২৫ থেকে ৩০ লাখ কিশোর গ্যাং সদস্যের উত্থান নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। মাদক ও কিশোর অপরাধ দমনে কেবল পুলিশি অভিযান নয়, বরং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সন্তানদের ছোটবেলা থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার বাদ মাগরিব রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের উত্তরা হাইস্কুল প্রাঙ্গণে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের আয়োজিত এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আবদুল মালেক (দা.বা.) এবং বিশেষ অতিথি ছিলেন র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান।
সভায় এলাকার সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন জানান, অপরাধ ও মাদক প্রতিরোধে ধর্মীয় শিক্ষার প্রসারে ঢাকা-১৮ আসনে ইতিমধ্যে ১৮ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় আইজিপি আলী হোসেন ফকির দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!