রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে সাইবার অপরাধ মামলা তদন্ত সংক্রান্ত ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ (টিওটি) কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।

আইজিপি বলেন, এআই, ডিপফেক, এনক্রিপ্টেড যোগাযোগ ও ক্লাউড কম্পিউটিংয়ের যুগে সাইবার প্রতারণা, হ্যাকিং, ডিজিটাল চাঁদাবাজি ও অনলাইন আর্থিক অপরাধ মোকাবিলায় আধুনিক পুলিশিং অপরিহার্য। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান অন্য তদন্তকারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, এতে সাইবার মামলা তদন্তকারীর সংখ্যা বহুগুণ বাড়বে।

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিআইডি প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। স্বাগত বক্তব্য রাখেন ডিআইজি (ট্রেনিং) একরামুল হাবিব এবং রোডম্যাপ উপস্থাপন করেন অতিরিক্ত ডিআইজি ড. শেহেলা পারভীন।