জ্বালানি সংকটসহ চলমান নানা সমস্যাকে সাময়িক উল্লেখ করে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। সরকার এসব সংকট নিরসনে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে জানিয়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে জনগণের কাছে আরও কিছু সময় চেয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুরে সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে উপজেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি উপস্থিত সংবাদকর্মীদেরও ব্রিফ করেন।
মন্ত্রী বলেন, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে বর্তমান সরকার সাত মাস ধরে দায়িত্ব পালন করছে। আন্তর্জাতিক পরিসরে অস্থিরতা ও যুদ্ধের কারণে বিশ্বজুড়ে গ্যাস, তেল ও এলএনজিসহ সব ধরনের জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সার্বক্ষণিক আলোচনা ও যোগাযোগ রাখা হচ্ছে। জ্বালানি খাতে সরকার পূর্বে প্রতি লিটারে ৯০ টাকা ভর্তুকি দিলেও বর্তমানে পরিস্থিতি সামাল দিতে ৭০ টাকা ভর্তুকি বজায় রেখেছে। খুব দ্রুতই এসব সাময়িক সমস্যা দূর হয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশ্বস্ত করেন।
বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, যেকোনো পরিকল্পিত নৈরাজ্য প্রতিহত করতে সবাইকে রাজপথে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে প্রতিরোধ গড়ে তোলার সময় কোনোভাবেই যেন সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখার কঠোর নির্দেশ দেন তিনি।
বিকেলে মন্ত্রীর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল মধুপুর পৌর শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডের আনারস চত্বর ও থানা মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের পরিচালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, লিলি সরকার, বিএনপি নেতা আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন খান বাবলু, আব্দুল লতিফ পান্নাসহ উপজেলা, পৌর বিএনপি এবং ছাত্রদল, যুবদল, কৃষক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!