কারিগরি ত্রুটির কারণে ঢাকায় অবস্থিত মেশিন রিডেবল ভিসা (এমআরভি)-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। এর ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশন থেকে ভিসা সেবা প্রদান সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে থাইল্যান্ডের ব্যাংকক ও পর্তুগালের লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পৃথক জরুরি বিজ্ঞপ্তি দিয়ে সেবা বিঘ্নিত হওয়ার এ তথ্য নিশ্চিত করেছে। ব্যাংকক দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের ধৈর্য ধারণের অনুরোধ জানিয়ে বলা হয়েছে, সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা যথাসম্ভব এড়িয়ে চলাই শ্রেয়।
অন্যদিকে লিসবন দূতাবাস জানিয়েছে, কেন্দ্রীয় সার্ভার অচল থাকায় ভিসা ও 'নো ভিসা' সেবা দেওয়া আপাতত বন্ধ রয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে সবুজ সংকেত পাওয়ার পর সার্ভার চালুর বিষয়ে নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে অবহিত করা হবে।
বর্তমানে সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুততম সময়ের মধ্যে সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য ব্যাংকক ও লিসবন—উভয় দূতাবাসই দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!