বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে নির্বাচন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা 'ইন্টারন্যাশনাল আইডিইএ'-এর একটি প্রতিনিধি দল বৈঠক করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়।
সংস্থাটির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অ্যাডভাইজার পিটার ওলফ এবং কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. আব্দুল আলীম। জামায়াতে ইসলামীর পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। এতে সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।
বৈঠকে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়ে জামায়াতের পক্ষ থেকে তাদের নিজস্ব পর্যবেক্ষণ ও মূল্যায়ন তুলে ধরা হয়। বিশেষ করে পোস্টাল ব্যালটের জটিলতা, ভোটার ভেরিফিকেশনের সমস্যা এবং সার্ভার ডাউন থাকার কারণে প্রবাসীদের নিবন্ধনে তৈরি হওয়া প্রতিবন্ধকতার বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও নির্বাচনে কালো টাকার অবাধ ব্যবহার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কতিপয় সংবাদমাধ্যমের একপেশে ভূমিকার অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত। ভবিষ্যতে দেশে একটি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার স্বার্থে উভয় পক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে একমত পোষণ করেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!