মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী লঞ্চঘাট সংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জে মনসা পূজা উপলক্ষে আয়োজিত ২১৩তম ‘দশমী ক্ষুদ্র উদ্যোক্তা মেলা-২০২৬’ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ ও বিতর্ক দেখা দিয়েছে।
অভিযোগ উঠেছে, জেলা শহরের প্রধান সড়ক সম্পূর্ণ বন্ধ করে এবং ড্রেনেজ উন্নয়ন কাজ থামিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে, যা প্রতিদিনের যাতায়াত, পাশেই থাকা ব্যাংকের কার্যক্রম এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে। তাছাড়া বিদ্যুৎ সংকটকালে অস্থায়ী এই মেলায় অপচয়ের আশঙ্কার পাশাপাশি মেলার স্টল বরাদ্দে অতিরিক্ত অর্থ আদায়ের ‘ডিজিটাল চাঁদাবাজি’র অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
মেলার অনুমোদন নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। সুশীল সমাজ ও অসন্তুষ্ট পক্ষের একাংশ মোটা অঙ্কের লেনদেনের অভিযোগ তুললেও আয়োজকদের দাবি—প্রথমে প্রশাসন মেলা বন্ধ করলেও পরবর্তীতে তারা ৩০ দিনের বৈধ অনুমতি লাভ করেছেন। তবে অনুমোদন সংক্রান্ত তথ্য চাইলে মেলা পরিচালনা পরিষদ উপযুক্ত কাগজপত্র প্রদর্শন করতে পারেনি।
অন্যদিকে স্থানীয় সাবেক কাউন্সিলর লিটন মেলার সাথে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করলেও পরক্ষণেই সার্বিক বিষয়ে তার জানা থাকার কথা স্বীকার করেন। জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসকের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!