মহিলা ও শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে পবিত্র কুরআন শিক্ষার উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো ‘ওয়ার্ড ভিত্তিক আলোকিত কুরআন ২০২৬’ প্রোগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সহধর্মিনী এবং 'আলোকিত কুরআন'-এর চেয়ারম্যান রাজিয়া সুলতানা।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আক্তার এবং পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন নিজামুদ্দিন তালুকদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমাস এবং ঢাকা মহানগর উত্তর মহিলা দলের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদিকা আছিয়া ইসলাম মুক্তা।

ধর্মীয় ও সমাজকল্যাণমূলক এই আয়োজনে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহিলা ও শিশুদের দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করার এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং সমাজের সর্বস্তরে কুরআনের আলো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে এলাকার নারী ও শিশুরা সহজে ও বিনামূল্যে শুদ্ধভাবে কুরআন শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।