রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে। পরে রাত সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন।

তিনি জানান, গভীর রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনার খবর পেয়েই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনার একটি সিসিটিভি বা ধারণকৃত ভিডিও চিত্রে দেখা যায়, হেলমেট পরা এক ব্যক্তি পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চটজলদি চম্পট দেয়। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে ও এলাকার নিরাপত্তা জোরদার করতে তদন্ত শুরু করেছে।