শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত তার বাসভবন থেকে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় সহকারী পরিচালকের বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গভীর রাত পর্যন্ত ওই নারী ও সহকারী পরিচালককে সেখানে অবস্থান করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সহকারী পরিচালক মো. রুস্তম আলী ও ওই নারীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি যাচাই করে এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে রাত আড়াইটার দিকে তাদের থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিষয়ে ওসি বলেন, আটক ওই নারী সহকারী পরিচালক মো. রুস্তম আলীর দূরসম্পর্কের শালী এবং তার বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর এলাকায়। প্রাথমিকভাবে তার নাম ওজিলা বলে জানা গেছে।
পাসপোর্ট অফিসের মতো একটি সরকারি প্রতিষ্ঠানে রাতে বাইরের লোকজনের উপস্থিতি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!