পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে।
সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। টানা দুই দিনের উদ্ধার অভিযানে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম পাকিস্তান টুডে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার দিবাগত রাতে তিনটি অটোরিকশায় করে বরযাত্রীরা লোমার ওয়ালা থেকে বাসিত আরিন এলাকার দিকে যাচ্ছিলেন। প্রতিটি রিকশাতেই অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। অতিরিক্ত গতি ও অতিরিক্ত বোঝার কারণে একটি অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রিকশাটি সরাসরি খালে গিয়ে পড়ে।
দুর্ঘটনার সময় ওই অটোরিকশায় ২৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজন সাঁতরে ওপরে উঠতে সক্ষম হন এবং অন্যদের খবর দেন। খবর পেয়ে উদ্ধারকর্মী ও স্থানীয়রা মিলে রাতভর ব্যাপক উদ্ধার অভিযান চালান। প্রথম দিন প্রাথমিক অবস্থায় ছয়জনকে জীবিত এবং তিনটি মরদেহ উদ্ধার করা হয়।
পরবর্তীতে মঙ্গলবার উদ্ধারকারী দল আরও ৯টি মরদেহ উদ্ধার করে। এতে নিহতের মোট সংখ্যা ১২ জনে পৌঁছায়। এখনো কয়েকজন নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকারীরা জানান, খালের তীব্র স্রোতের কারণে দুর্ঘটনাটি মারাত্মক রূপ ধারণ করে। ঘটনাস্থল থেকে প্রায় ২০ কিলোমিটার দূরেও এক যাত্রীর মরদেহ পাওয়া গেছে। এছাড়া ৫, ৭ ও ১৫ কিলোমিটার দূর থেকেও বরযাত্রীদের নিথর দেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, প্রায় ১৫ থেকে ২০ ফুট গভীর এবং ১০০ থেকে ১২০ ফুট প্রশস্ত এই খালটির পানি ওই অঞ্চলের কৃষকদের সেচ কাজে ব্যবহৃত হয়ে থাকে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!