প্রান্তিক জীবনের গন্ধ, মাটি ও মানুষের অনুভূতিকে সুরের ফ্রেমে বেঁধে বাংলা সংগীতভাণ্ডারকে সমৃদ্ধ করে চলেছেন টাঙ্গাইলের মধুপুরের কৃতিসন্তান, উদীয়মান গীতিকার আমিনুল ইসলাম সেলিম। কর্মজীবনের নানা ব্যস্ততার মাঝেও লেখনীর মাধ্যমে নিয়মিত গান সৃষ্টি করে যাচ্ছেন এই স্বপ্নবাজ সুরসাধক।
টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের মহিষমারা গ্রামের বাগানবাড়ি চৌরাস্তার কৃতিসন্তান আমিনুল ইসলাম সেলিমের বাবার নাম মো. জমশের আলী সরকার। শিক্ষাজীবনে তিনি বিএসএস (অনার্স) ও এমএসএস (সমাজবিজ্ঞান) ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি একটি বেসরকারি সংস্থার সফল মাইক্রোফিন্যান্স কর্মকর্তা। মাঠপর্যায়ের নানা অভিজ্ঞতা ও কর্মক্ষেত্রের কঠোর পরিশ্রমই মূলত তাঁর সৃজনশীলতার মূল জ্বালানি হিসেবে কাজ করছে।
ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তাঁর অগাধ অনুরাগ। সেই ভালোলাগার টানেই শুরু হয় শব্দ ও সুর নিয়ে পথচলা। তাঁর কলম থেকে একে একে বেরিয়ে এসেছে ৫৩০টিরও বেশি গান। দেশাত্মবোধক গান, আধুনিক গান ও লোকগীতিসহ সংগীতের প্রায় সব শাখাতেই তিনি সমানভাবে সাবলীল।
সম্প্রতি প্রকাশিত তাঁর লেখা ‘স্বপ্নে আসো আমার বুকে’ গানটি শ্রোতাহৃদয়ে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। শিল্পী এস এম বিপ্লব ও সৌরভের দরদী কণ্ঠে গাওয়া এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলে বর্তমানে বেশ ভাইরাল হয়েছে।
সুর ও শব্দের এই পথচলায় থামতে চান না আমিনুল ইসলাম সেলিম। সামনে তাঁর আরও বেশ কিছু নতুন গান মুক্তির অপেক্ষায় রয়েছে। মাটির সুবাস ছড়ানো তাঁর লেখা গানগুলোর মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে কোটি মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়াই তাঁর জীবনের মূল লক্ষ্য।
তাঁর উল্লেখযোগ্য ও জনপ্রিয় প্রকাশিত গানগুলোর মধ্যে রয়েছে: চাইলেই যদি মরণ পাওয়া যেতো, তুমি বাহিরে সুন্দর, এতো ভালোবাসলাম তোরে, জীবনটা যদি রং আর তুলি হতো।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!