কুড়িগ্রামের নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী’ অত্যন্ত আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে নাগেশ্বরী উপজেলা সকল সনাতন ধর্মাবলম্বীর আয়োজনে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১ টায় নাগেশ্বরী পুরাতন বাজার কেন্দ্রীয় দুর্গা মন্দির প্রাঙ্গনে আয়োজিত এই আনন্দঘন রেলি ও মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট ব্যক্তিত্ব জননেতা সাইফুর রহমান রানা।
উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নাগেশ্বরীর প্রধান প্রধান সড়ক মুখরিত হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন, এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন ধর্মীয় স্লোগানে শোভাযাত্রাটি এক অভূতপূর্ব আনন্দময় পরিবেশ সৃষ্টি করে। বহু ভক্তবৃন্দের অংশগ্রহণে এবারের জন্মাষ্টমীর রেলিটি নাগেশ্বরীর অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠে।
উদ্বোধনকালে জনাব সাইফুর রহমান রানা সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শোভাযাত্রাটি শেষ হওয়ার পর উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!