কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর যুবলীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটি প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করেছেন আটজন নেতা। নিজেদের অসম্মতিতে কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে পদত্যাগকারী নেতারা ইতিমধ্যে কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের কাছে লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর যুবলীগের এই নতুন কমিটি প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের ছোট ছেলে অ্যাডভোকেট হুমায়ুন কবিরকে সভাপতি এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটি প্রকাশের পর পরই পদত্যাগপত্র জমা দেন গাংনী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক ও ষোলটাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পাশা, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আলিম, সাবেক যুবলীগ নেতা আশিকুর রহমান আকাশ, আলমগীর বিশ্বাস রাহেল, লিখন উদ্দীন এবং মাঝারুল ইসলাম। পদত্যাগকারী নেতাদের মধ্যে প্রথম তিনজনকে ঘোষিত কমিটিতে সহসভাপতি, আকাশকে সমাজকল্যাণ সম্পাদক এবং বাকিদের সদস্য পদ দেওয়া হয়েছিল।

পদত্যাগকারী নেতারা জানান, কমিটিতে নাম রাখার বিষয়ে তাদের সঙ্গে কোনো ধরনের পূর্ব আলোচনা বা সম্মতি নেওয়া হয়নি। এই কারণে তারা স্বপ্রণোদিত হয়ে নিষিদ্ধ সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এবং মেহেরপুর জেলা আহ্বায়ক কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এদিকে, অসম্মতিতে নাম অন্তর্ভুক্ত করা এবং বিতর্কিত নেতৃত্বের কারণে নতুন এই কমিটি ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।