২০২৬ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি আবারও আকাশি-নীল জার্সি গায়ে মাঠে ফিরছেন। তবে এই ফেরা শুধুই নিজের রঙিন ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি টানার জন্য। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখনো বিদায়ী ম্যাচ খেলা হয়নি বলে জাতীয় দলে ফেরানো হয়েছে এই জীবন্ত কিংবদন্তিকে।

আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন ফুটবলের সর্বকালের অন্যতম সেরা তারকা। মঙ্গলবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির দলে অন্তর্ভুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, “আমরা আমাদের আইকন, বিশ্বের সেরা খেলোয়াড় ও অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানিয়েছি, যাতে আগামী ৬ অক্টোবর তিনি নিজ দেশে যথাযথ সম্মান ও ভালোবাসার সাথে বিদায় নিতে পারেন।”

এর আগে জাতীয় দলকে আর কিছু দেওয়ার বাকি নেই জানিয়ে গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন মেসি।

মেসির এই বিদায় স্মরণীয় করে রাখতে বিশাল আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে এএফএ। মেসির সাথে শেষ মুহূর্তটি উদযাপনের জন্য ২০২২ কাতার বিশ্বকাপজয়ী পুরো আর্জেন্টিনা দলকে পরিবারসহ আমন্ত্রণ জানানো হচ্ছে।

ফিফার সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে ঘরের মাঠে ৩টি প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসো এবং সবশেষে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা, যা হবে জাতীয় দলে মেসির শেষ ম্যাচ।

বিদায়ী এই ম্যাচের দলে এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের মতো তারকাদের রাখা হয়েছে।

(তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস)