পাবনায় নিখোঁজের সাত দিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নিজ বাড়ির পেছনের একটি পরিত্যক্ত পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কামরুন্নাহার কলি পাবনা সদর উপজেলার দোগাছী কলুনিয়া গ্রামের কামাল প্রামানিকের (৪০) মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বুধবার বিকেলে বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাড়ি ফিরে মায়ের হাতে ব্যাগের থলে দিয়ে সে বাইরে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে তার স্যান্ডেল পাওয়া যায়। এ ঘটনায় তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ সাত দিনেও তার সন্ধান মেলাতে পারেনি।
এদিকে নিখোঁজের সাত দিন পর গতকাল মঙ্গলবার কলিকে উদ্ধারের দাবিতে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী ও স্বজনরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। এর একদিনের মাথায় আজ বুধবার সকালে নিজ বাড়ির পেছনের পরিত্যক্ত পুকুরে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ দেখতে পান প্রতিবেশীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!