রাজধানীর পল্লবীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মো. সজীব (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় করা মামলায় মো. জুয়েল ওরফে বাল্লা জুয়েল (২৬) নামের এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব হাসান আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে পল্লবী থানাধীন সেকশন-১০, ব্লক-এ, প্যারিস রোডসংলগ্ন কাঁঠালতলা মাঠের মাঝে সজীবের পথরোধ করেন ছিনতাইকারীরা। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় সজীব বাধা দিলে আসামিরা তাকে এলোপাতাড়ি আঘাত করেন। একপর্যায়ে ধারালো ছুরিতে তার পেটের ডান পাশে গুরুতর জখম করা হয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ সেপ্টেম্বর সকালে তার মৃত্যু হয়। নিহত সজীব পল্লবী এলাকায় ভ্যানে করে কাপড় বিক্রি করতেন।
এ ঘটনায় নিহতের মা মোসা. কহিনুর বেগম বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর গত ১৪ সেপ্টেম্বর পুলিশ পল্লবীর বাসা থেকেই জুয়েল ওরফে বাল্লা জুয়েলকে গ্রেপ্তার করে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!