ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে অনাকাঙ্ক্ষিত হয়রানি ও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ার পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেশে ফেরার পরই তার ও পরিবারের খোঁজ নিতে তার বাসায় উপস্থিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় তিনি বাঁধনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এই আগমন এবং রাষ্ট্রের পক্ষ থেকে পাশে দাঁড়ানোর উদ্যোগের প্রতি গভীর সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, এই কঠিন সময়ে সরকারের এই ধরনের দায়িত্বশীলতা ও সৌজন্যমূলক আচরণ একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার নিরাপত্তাবোধ ও আস্থার জায়গাটিকে অনেক বেশি সুদৃঢ় করেছে।
বাঁধন তার পোস্টে জোর দিয়ে বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আসল শক্তি হলো তার জনগণ। নাগরিকদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে রাষ্ট্র যখন কার্যকর ভূমিকা রাখে, তখন সম্পর্কের সেই আস্থার জায়গাটি আরও গভীর হয়।”
তিনি উল্লেখ করেন, দেশের মাটিতে ও আন্তর্জাতিক অঙ্গনে—যেমন বাংলাদেশ সরকার, ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, ইতালীয় প্রশাসন ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যেসব মানুষ এই কঠিন মুহূর্তে তার ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলের সহযোগিতা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।
অভিজ্ঞতাটি তাকে সাহস, রাজনৈতিক বা ব্যক্তিগত মতপার্থক্য সত্ত্বেও ঐক্যের গুরুত্ব নতুন করে শিখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষার ক্ষেত্রে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। একটি নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ভেনিস চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে অভিনেত্রী বাঁধনের ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে টানাহেঁচড়া, মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা এবং পানি ও ডিম ছুড়ে মারার মতো হয়রানির ঘটনা ঘটে। এমনকি তাকে জোরপূর্বক রাজনৈতিক স্লোগান দিতেও চাপ দেওয়া হয়। এই ঘটনার পর চরম নিরাপত্তার শঙ্কা কাটিয়ে গতকাল (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!