টাঙ্গাইলের মধুপুরে বাড়ির সামনে থেকে এক বৃদ্ধার কান ছিঁড়ে স্বর্ণের দুল ছিনিয়ে নিয়েছে দুই মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মধুপুর পৌর এলাকার পুণ্ডুরা গ্রামের মণ্ডল বাড়ির সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, ভোরে লায়লা বেগম বাড়ির গেটের বাইরে সামনের অংশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাকা সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যাওয়া দুই ব্যক্তি তাঁর কানে স্বর্ণের দুল দেখতে পায়। চোখে কম দেখা ও কানে কম শোনা ওই বৃদ্ধার কাছে এসে তারা দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, এ ধরনের ঘটনার বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এমনকি বিষয়টি পুলিশকে কেউ আনুষ্ঠানিকভাবে অবহিতও করেনি। সংবাদটি জানার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।
আহত লায়লা বেগম (বৃদ্ধা) পুণ্ডুরা গ্রামের প্রয়াত আব্দুর রহিম মণ্ডলের স্ত্রী। বিষয়টি তাঁর ছেলে আতিকুর রহমান মিন্টু নিশ্চিত করেছেন।
দুর্বৃত্তরা এক কানের দুল সহজে খুলে নিতে পারলেও অন্য কানের দুল টান দিয়ে নেওয়ার সময় তাঁর কান ছিঁড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত হন। ভোরে চারপাশ অনেকটাই নিরব থাকায় তাঁর চিৎকারে কেউ এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা দুল নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!