বাংলাদেশি জাতীয়তাবাদ ও স্বাধীনতার সুরক্ষায় ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ চান মিয়া বেপারী।

শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে এদেশের সিপাহি-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে বিদেশি আধিপত্যবাদ ও চক্রান্তকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল। সিপাহি-জনতার সেই ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন বহু-দলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। এই বিপ্লবের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পায় এবং দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়।

হাজী মোহাম্মদ চান মিয়া বেপারী আরও বলেন, "৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অবিচ্ছেদ্য ও ঐতিহাসিক অধ্যায়। এই দিনটি আমাদের শিক্ষা দেয় কীভাবে অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ আমাদের আবারো শপথ নিতে হবে—যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ থেকে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার সুসংহত করার।"

তুরাগ থানার ৫৩ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং আগামী দিনের সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে।

বিজ্ঞপ্তির শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন।