ইসরায়েলে নতুন সরকার গঠনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবর্তে বিরোধী জোটের নেতা ও দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট (ইসরায়েলি পার্লামেন্ট) নির্বাচনে কোনো একক দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মোট ১২০টি আসনের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পায় ৫৩টি এবং আইজেনকোটের জোট পায় ৪৮টি আসন। তবে নির্বাচনে অবশিষ্ট ১৯টি আসন পাওয়া আরব দলগুলো আইজেনকোটকে সমর্থন দেওয়ায় তিনি সরকার গঠনের দৌড়ে এগিয়ে যান।

আইজেনকোটের পক্ষে ৬৭টি এবং নেতানিয়াহুর পক্ষে ৪৬টি আসনের সমর্থন আসায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ দলগুলোর সাথে পরামর্শ করে আইজেনকোটকে সরকার গঠনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। আইন অনুযায়ী তাকে আগামী ২৮ দিনের মধ্যে সরকার গঠন করতে হবে, তবে বিশেষ প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যেতে পারে।

দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গাদি আইজেনকোট লেখেন, "এখন সময় একটি জাতীয় জরুরি সরকার গঠনের। আমরা যেন এর যোগ্য হয়ে উঠতে পারি, তার জন্য সব করব।"

এদিকে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের স্পষ্ট সুযোগ থাকা সত্ত্বেও আইজেনকোটের জোটে থাকা ইহুদিবাদী দলগুলো আরবদের সাথে জোট বাঁধতে অনীহা দেখাচ্ছে। তাই দ্রুত সরকার গঠনের লক্ষ্যে আইজেনকোটের দল বর্তমানে অতি-গোঁড়া ইহুদি দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।