গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সর্বস্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হয়ে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন জিএমপি পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে বাংলাদেশ পুলিশের বর্ণাঢ্য ঐতিহ্য ও প্রথা অনুসরণ করে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা। বিদায় অনুষ্ঠানে জিএমপির সর্বস্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা বিদায়ী কমিশনারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। বাংলাদেশ পুলিশের ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাঁর কর্মজীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়।